২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাচ্ছিল মাছের আড়তে, নদীতে মিলল লাশ

“ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।”

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

সিরাজগঞ্জের গাড়দহ নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে সলঙ্গা থানার বড়গোজা জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধারের খবর জানান সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মন।

মৃত ১৩ বছর বয়সী মারুফ হোসেন সলঙ্গা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের মোমিন প্রমানিকের ছেলে।

এসআই ব্রজেশ্বর বর্মন বলেন, “মা মারা যাওয়ার পর থেকে মারুফ বড়গোজা গ্রামে নানা জিল্লুর রহমানের বাড়িতে থেকে কুতুবের চর মাছের আড়তে শ্রমিকের কাজ করতো।

“আড়তে যাওয়ার জন্য সকালে সে বাড়ি থেকে বের হয়। এরপর বেলা ১১টার দিকে নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্বজনরা তা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।”

এসআই বলেন, “নিহতের ডান হাতের দুটি স্থানে পোড়া দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।”

মৃত্যুর কারণ নিশ্চিত হতে মারুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।