Published : 12 Dec 2025, 11:15 PM
ভারতবিরোধী ও বাংলাদেশপন্থি লেখা লিখে ইনকিলাব মঞ্চের আাহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি শত্রুর খাতায় নাম লিখিয়েছেন বলে দাবি করেছেন তার বোন মাসুমা বেগম।
তিনি বলেছেন, ভারত হাদিকে ‘বাঁচতে দেবে না’।
শুক্রবার ঢাকায় গুলিবিদ্ধ হাদিকে সংকটাপন্ন অব্স্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সন্ধ্যায় এভারকেয়ার হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামে।
তার গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই এদিন বিকালেই ঢাকায় রওনা দেন মাসুমা।
এ সময় তিনি সাংবাদিকদের বলছিলেন, “এ দেশে দেশপ্রেমিক মানুষ থাকবে না, ভারত ওরে বাঁচতে দিবে না। ও ভারতবিরোধী লেখা লেখে, বাংলাদেশপন্থি লেখা লেখে।
“ওর প্রত্যেকটা শিরায় উপশিরা দেশের জন্য জীবন বিলিয়ে দিবে। এ দেশে ভারতের হাজার হাজার ‘র’ আছে, আওয়ামী লীগ আছে, শত্রুর অভাব নাই। এ দেশে জিয়াউর রহমানকেও বাঁচতে দেয়নি।”
শুক্রবার জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন হাদি।
গত নভেম্বর মাসে ৩০টি বিদেশি নম্বর থেকে হুমকি পাওয়ার কথা জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি।
হাদি নিজের ফেইসবুক পেইজে পোস্ট দিয়ে দাবি করেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে ফোন এবং মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তার বাড়িতে আগুন দেওয়া ও তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

ওই পোস্টে তিনি লেখেন, আওয়ামী লীগের ‘খুনি’ সমর্থকরা তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখছে। ‘জীবননাশের আশঙ্কা’ সত্ত্বেও তিনি ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে যাবেন না।
জুলাই আন্দোলন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির রাজনৈতিক অবস্থান এবং তার তীব্র ভাষার বক্তব্যগুলোও সামনে আসছে।
গত বছরের ৫ অগাস্ট ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। তার সরকারের মন্ত্রী-এমপিদের কেউ কেউ সেখানে অবস্থান করার খবর এসেছে। আওয়ামী লীগের নেতাদের মধ্যেও কেউ কেউ সেখানে আছেন।
হাদির বোন জামাই মনির হোসেন বলেন, “ওসমান হাদি এমন একজন ব্যক্তি যার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণটা দেশপ্রেম। ও শাহবাগের মোড়ে যা বলেন পরিবারের সদস্যদের সাথেও একই বলে।”
বাংলাদেশে স্বচ্ছ মানুষের রাজনীতি ‘কেউ গ্রহণ করে না’, তাদের এমন মন্তব্যে হাদি নিরুৎসাহিত হতেন তুলে ধরে তিনি বলেন, “ও বলতো কারো না করো শুরু করতে হবে, সেই থেকে শুরু করা।
“আমরা জানতাম এ ধরনের ঘটনা ঘটতে পারে। সে ফ্যাসিবাদের বিরুদ্ধে, বাংলাদেশের সকল অনিয়মের বিরুদ্ধে। হাদি বলতো, ‘আমি শুরু করবো, আমি হয়তো থাকবো না, আমার দেখাদেখি হাজার হাজার হাদি জন্ম হবে’।”
হাদির বাবা প্রয়াত আব্দুল হাদি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ ছিলেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে হাদি সবার ছোট।