টুঙ্গিপাড়ায় যুবদল নেতার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে
পুলিশ জানায়, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় ওই আওয়ামী লীগ নেতা ১ নম্বর আসামি ছিলেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা যুবদল নেতার মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহাম্মেদ আলী বিশ্বাস জানান।
গ্রেপ্তার বেলায়েত হোসেন সরদার টুঙ্গিপাড়ার কুশলী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
এর আগে বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আহাম্মেদ আলী বিশ্বাস বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় বেলায়েত হোসেন ১ নম্বর আসামি ছিলেন।
উপজেলা পরিষদে সভা শেষ করে ফেরার পথে বুধবার বেলা ১১টায় তাকে উপজেলা মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার নথির বরাতে আহাম্মেদ আলী আরও বলেন, গত ১৭ সেপ্টেম্বর রাতে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন মিয়া বাদী হয়ে বেলায়েত হোসেন সরদারসহ ৬১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে আসার কর্মসূচি ছিল। ওই দিন বিকাল ৪টায় তার গাড়ি বহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। পরে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান।
মামলায় আরো বলা হয়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীকে স্বাগত জানানোর জন্য টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নীলফা বাজারে অবস্থান করছিল বিএনপি নেতাকর্মীরা।
তখন ঘোনাপাড়ার মারামারির ঘটনাটি জানাজানি হলে কুশলীর আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালান।
এছাড়া এসএম জিলানীকে স্বাগত জানানোর জন্য নির্মিত তোরণ ভাঙচুর ও ফেস্টুন ছেঁড়া হয়।
এর আগে একই মামলায় রোববার রাতে ২ নম্বর আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজান সিকদারকে (৫৫) উপজেলার কুশলী ইউনিয়নের নীলফা বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।
২৩ সেপ্টেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মিজান কুশলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
