২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৩ বছর পর মালিককে জমি বুঝিয়ে দিল আদালত

১৯৮৩ সালে আবিদ ও হানিফরা বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 07:49 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৪৩ বছর পর বেদখলীয় প্রায় সাড়ে তিন একর জমি আদালতের মাধ্যমে ফিরে পেলেন প্রকৃত মালিক। 

সোমবার দিনব্যাপী ঢাকঢোল পিটিয়ে মালিক বাহার পাটোয়ারীদেরকে জমি বুঝিয়ে দেয় আদালতের প্রতিনিধি দল। 

বাহার পাটোয়ারী উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আইয়ুব পাটোয়ারী বাড়ির বাসিন্দা। 

স্থানীয়রা জানান, আদালতের প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে এসে জমির পরিমাপ করে। পরে লাল নিশানা গেড়ে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন করেন।

জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী, ঢাকঢোল পিটিয়ে জমি বুঝিয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদ অভিযান এখনো পুরোপুরি শেষ হয়নি।”

আদালত কর্তৃপক্ষ জানায়, রায়পুর উপজেলার কাজীর চর মৌজার ৩৫৬ শতাংশ জমি নিয়ে মৃত আবিদ, তসলিম, সিরাজ, মমতাজ ও বিল্লালদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৯৮৩ সালে আবিদ ও হানিফরা বাদী হয়ে লক্ষ্মীপুর সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা করেন। 

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত আবিদ ও হানিফদেরকে জমির মালিক হিসেবে ঘোষণা দেন। রায়ের পর প্রতিপক্ষ হাই কোর্টে আপিল করলেও তা খারিজ হয়ে যায়। পরে আদালতের নির্দেশে প্রশাসন জমিটি উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখলে দেয়।

জমি বুঝিয়ে দিতে আদালতের পক্ষে জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম এবং পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

মামলার বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, “৪৩ বছর পর আদালতের সহায়তায় জমি ফিরে পেয়েছি। এ জমির জন্য আমার দাদা আইয়ুব আলী ও জেঠা লনি মিয়া হত্যার শিকার হন। তখন ছয়টি গরুও হত্যা করা হয়। এখন ন্যায়বিচার পেয়ে আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেছে।”