পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে বলে জানায় বিজিবি।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও স্থানীয়রা বলছে, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী এলাকা।
ওই সীমান্তে শুক্রবার গভীর রাতে ভারতীয় চোরা কারবারিদের আহ্বানে রশিদুল ইসলাম নামে বাংলাদেশি যুবক সেদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন।
তখন বিএসএফের টহলদল ধাওয়া দিয়ে রশিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়ার তথ্য দিয়েছেন, রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন।
তিনি বলেন, “বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।”
