Published : 03 Jul 2026, 08:45 PM
শেরপুর সদরে নিখোঁজের একদিন পর ধান খেতে পুঁতে রাখা অবস্থায় এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শেরপুর সদর থানার ওসি মো. সোহেল রানা।
নিহত কাজল মিয়া (৪২) উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি কাজল মিয়া। দুপুরে জুমার নামাজ শেষে স্থানীয় কয়েকজন বাড়ি ফেরার পথে ধান ক্ষেতে আংশিক পুঁতে রাখা একটি লাশ দেখে পুলিশে খবর দেন।
স্থানীয় ইউপি সদস্য মমিন মিয়া বলেন, লাশের হাত-পা ওপরে ছিল। মৃতদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ওসি সোহেল রানা বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।