২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু ছাড়া মানুষের ‘সেইফ এক্সিট’ নেই, উপদেষ্টাদের উদ্দেশে সারজিস

“তারা এত শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে আছেন। এখন তারা যদি জীবনের একটু হুমকির ভয় করেন, তাহলে তাদের তো দায়িত্ব নেওয়া উচিত ছিল না,” বলেন তিনি।

মৃত্যু ছাড়া মানুষের ‘সেইফ এক্সিট’ নেই, উপদেষ্টাদের উদ্দেশে সারজিস
নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভায় বক্তব্য দেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2025, 10:04 PM

Updated : 26 Aug 2026, 02:26 PM

মৃত্যু ছাড়া মানুষের ‘সেইফ এক্সিট’ হয় না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেছেন, “কিছু উপদেষ্টার আচরণ দেখে মনে হচ্ছে, তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না।

“তারা এত শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে ওখানে আছেন। এখন তারা যদি জীবনের একটু হুমকির ভয় করেন, তাহলে তাদের তো দায়িত্ব নেওয়া উচিত ছিল না। তারা যদি এমনটা করে থাকেন, তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কোথায় ‘সেইফ এক্সিট’? ‘সেইফ এক্সিট’ তো একমাত্র মৃত্যু, মৃত্যু ছাড়া তো মানুষের ‘সেইফ এক্সিট’ নেই।”

মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের যেকোনো ভার্সন তৈরির অপচেষ্টা মেনে নেওয়া হবে না জানিয়েছে সারজিস বলেন, “ভার্সন কাকে নিয়ে বানাবেন? আওয়ামী লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা, উপজেলার যারা সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান ছিল তাদেরকে নিয়ে? আপনি তো আর ইউনিয়নের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানিয়ে দেবেন না। 

“এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সঙ্গে জড়িত, এরা কি করছে, তা আপনারা প্রত্যেকেই ভালো করে জানেন। সুতরাং মন্দের ভালো খোঁজা, যারা একেক জন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানালো, সেই সুযোগ তাদেরকে দেওয়া হবে না।”

তবে ভালো মানুষরা একত্রিত হয়ে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করতে চায় করুক, এতে কোনো সমস্যা নেই বলে জানান এনসিপির এ নেতা।

এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে জানিয়ে সারজিস আলম বলেন, “আমরা নির্বাচন কমিশন থেকে প্রতীকের ব্যাপারে পজেটিভ সাড়া পাচ্ছি। আশা করি কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আস্থা ধরে রাখার কাজ করবে। 

“এনসিপি এককভাবে নির্বাচনে যাবে নাকি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। নির্বাচনকে সামনে রেখে যখন অনেকগুলো রাজনৈতিক দল একই পথে হাঁটবে, তখন চিন্তাভাবনা, দেশ এবং জনগণের স্বার্থে কাজ করার বিষয়গুলো মিলে যায়। তখন জনগণের হয়ে একসঙ্গে কোনো দলের সঙ্গে নির্বাচনে যাওয়া হতেই পারে। তবে এনসিপিতে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।