১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নাশকতার মামলায় চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ১৩ জন কারাগারে

২০২৩ সালের ২ নভেম্বর বিএনপি ও জামায়াতের ৪০ জন নেতাকর্মীর নামে মামলাটি করা হয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2025, 03:57 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

নাশকতার মামলায় চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলা বিএনপি ও জামায়াতের ১৩ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার চুয়াডাঙ্গার আমলি আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন প্রার্থনা করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশের  পরিদর্শক নাসিরউদ্দিন মৃধা।

কারাগারে যাওয়ারা হলেন- দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতা মোকাররম হোসেনসহ ১৩ জন বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল খালেক জানান, ২০২৩ সালের ২ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ও দামুড়হুদা থানা বিএনপি ও জামায়াতের ৪০ জন নেতাকর্মীর নামে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করে দামুড়হুদা থানা পুলিশ।

আসামিরা পরস্পর যোগসাজশে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে ‘ষড়যন্ত্র’ এবং মানুষের জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের জন্য হাতবোমার বিস্ফোরণ ঘটায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আসামিদের রেখে যাওয়া অবিস্ফোরিত সাতটি ককটেল উদ্ধার করা হয়।

এ মামলায় জামিন পেতে মঙ্গলবার আমলি আদালতে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান আব্দুল খালেক।

দামুড়হুদা মডেল থানার এসআই ওবাইদুর রহমান বিশেষ ক্ষমতা আইনের মামলাটি করেছিলেন বলে জানান চুয়াডাঙ্গা সদর কোর্টের পুলিশ পরিদর্শক নাসিরউদ্দিন মৃধা।