সম্মেলনের পর কেন মাঠও পরিষ্কার করলেন বিএনপির নেতারা
১ জুন কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটিতে ‘পরিচ্ছন্ন’ নেতৃত্ব আসবে এই প্রত্যাশায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিএনপির নেতাকর্মীরা সম্মেলনের পর মাঠ পরিষ্কার করেছেন।
১ জুন কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে। সম্মেলনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
দুপুরে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করা হয়। ফলে মাঠজুড়ে বিরিয়ানির প্যাকেট, পানির বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ নানা আবর্জনা পড়ে ছিল।
শুক্রবার সকালে কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন নেতাকর্মীরা।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মামুন হাওলাদার মিঠু, বিএনপি নেতা সত্তার সরদার, উপজেলা যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্যসচিব নিলয় হাওলাদারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর বলেন, “আমাদের শুধু পোশাক-আশাকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেই হবে না। মন-মানসিকতায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। দলের মধ্যে তার প্রতিফলন ঘটাতে হবে। তাই আমরা আজকে আমাদের সম্মলনের মাঠ পরিষ্কার করলাম।”
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, “আমাদের আদর্শের প্রতীক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ বাস্তবায়নের জন্যই পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছি। এটি আমাদের বাস্তব জীবনেও কার্যকর করতে হবে।”
উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, “সম্মেলনের মাঠ পরিষ্কার করার মত আমাদের সংগঠনকেও পরিচ্ছন্ন করব। এখানে কোনো মাদকসেবী, চাঁদাবাজ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তির স্থান হবে না।
“আগামীতে উপজেলা ও পৌর বিএনপির কমিটি যখন পূর্ণাঙ্গ করব তখন আমরা এই সব কমিটিতে পরিচ্ছন্ন নেতাদের নিয়ে আসব। শুধু বিএনপিই নয়, সহযোগী সংগঠনেও কোনো মাদক, জুয়া ও চাঁদাবাজকে স্থান দেওয়া হবে না।”
