সিরাজগঞ্জে ১৫১০ লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা
ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয় বলে বেলকুচি থানার ওসি ইমাম জাফর জানান।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় অবৈধভাবে মজুতের অভিযোগে এক হাজার ৫১০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বেলকুচি থানার ওসি ইমাম জাফর বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে মবুপুর বাজারের হাসমত আলী ও আব্দুস সালামের দোকানে অভিযান চালানো হয়। এ সময় হাসমতের দোকান থেকে ৬০০ লিটার পেট্রোল ও ৪০০ লিটার ডিজেল এবং সালামের দোকান থেকে ৪২০ লিটার পেট্রোল, ৮৫ লিটার ডিজেল ও পাঁচ লিটার অকটেন জব্দ করা হয়।
ওসি বলেন, এ ঘটনায় দুই ব্যবসায়ীর কাছ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং উদ্ধার জ্বালানি তেল তাৎক্ষণিক লোকজনের মধ্যে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
