পারাবত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
উপজেলার লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় বুধবার পারাবত এক্সপ্রেসের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয় বলে শ্রীমঙ্গল রেলওয়ে থানা ওসি মো. খায়রুল ইসলাম জানান।
নিহত জুবায়ের আহমেদ (১৯) উপজেলার সরইবাড়ী এলাকার চেরাগ আলীর ছেলে।
রেলওয়ে পুলিশ জানায়, জোবায়ের শ্রীমঙ্গল স্টেশন থেকে বেলা ১১টায় পারাবত ট্রেনের ছাদে করে ভানুগাছ যাচ্ছিলেন। জুবায়েরের সঙ্গে আরো একজন ছিলেন। তিনি ছিলেন কামরায়। বারণ করা সত্ত্বেও জুবায়ের ছাদে চড়েন।
লাউয়াছড়া বনের ভেতরে মাগুরছড়া রেল সেতুতে ঝাঁকুনিতে ট্রেন থেকে নিচে পড়ে যান জুবায়ের এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।
কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, যুবকের মুখের ডান পাশ থেঁতলে গেছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এলাকাটি রেলের আওতাধীন হওয়ায় জিআরপি থানাকে বিষয়টি অবহিত করা হয়।
লাশ শ্রীমঙ্গল জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে রেলওয়ে পুলিশ জানায়।
