Published : 15 Oct 2025, 08:15 PM
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাসের সঙ্গে রডবাহী ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।
বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চকনুর এলাকার আব্দুর রশিদের ছেলে সোহরাব আলী সরকার (৭৮), জামালপুর সরিষাবাড়ী উপজেলার কাঞ্চনপুর এলাকার আশরাফ আলীর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও বারইপটল এলাকার শুকুর আলীর ছেলে ফাহিম (২২)।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক আরও দুই জনকে মৃত ঘোষণা করেন।
ওসি জালাল আরও বলেন, “হতাহতরা সবাই বাসের যাত্রী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।“