২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবার অটোরিকশার যাত্রী হয়ে বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনের

কুমিল্লায় এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে।

বাবার অটোরিকশার যাত্রী হয়ে বাসচাপায় প্রাণ গেল ভাই-বোনের
নিহত মো. জুনায়েদ হোসেন ও তার বোন ফাহিমা আক্তার।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2024, 01:44 AM

Updated : 10 Sep 2026, 12:22 PM

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাসচাপায় অটোরিকশার যাত্রী দুই ভাই-বোনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন নিহতদের বাবাসহ আরও তিনজন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকার এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুল ইসলাম।

নিহত মো. জুনায়েদ হোসেন (১২) ও ফাহিমা আক্তার (৯) ওই ইউনিয়নের হোসেনপুর গ্রামের মন্তু মেম্বার বাড়ির অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমের সন্তান। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

আহত অটোরিকশা চালক জাহাঙ্গীর আলমসহ তিনজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, একটি বাস অন্য আরেকটি বাসকে অতিক্রম করতে গিয়ে যাত্রীবাহী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে জুনায়েদ এবং হাসপাতালে নেওয়ার পথে ফাহিমা মারা যায়। 

আবাসিক শিক্ষার্থী হওয়ায় জাহাঙ্গীর আলম নিজেই অটোরিকশাটি চালিয়ে সন্তানদের মাদ্রাসায় নিয়ে যাচ্ছিলেন।

পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম বলেন, ঘটনার পর উত্তেজিত জনতা সুগন্ধা পরিবহনের পাঁচটি বাস ভাঙচুর করেছে। দুর্ঘটনার পর স্বজনরা দুই শিশুর লাশ বাড়িতে নিয়ে গেছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।