২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ইটভাটার বৈধতা চেয়ে জেলা প্রশাসককে স্মারকলিপি

আইনের বাইরে গিয়ে কোনও অবৈধ ইটভাটাকে বৈধ করার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

পঞ্চগড়ে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বৈধতা দেওয়ার দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন মালিক ও শ্রমিকরা। তবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সোমবার জেলা প্রশাসককে দেওয়া স্মারকলিপিতে পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরে ভাটাগুলোর কার্যক্রম চালু রাখার অনুমতি চাওয়া হয়। তবে জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করলেও অবৈধ ভাটার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান।

পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “আইনের বাইরে গিয়ে কোনো অবৈধ ইটভাটাকে বৈধ করার সুযোগ নেই। পরিবেশ আইন অনুযায়ী অবৈধ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা অব্যাহত থাকবে।”

জেলা প্রশাসন জানায়, বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত একাধিক ইটভাটার বিরুদ্ধে এর মধ্যে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম চলমান থাকবে। এর মধ্যে জেলার চারটি অবৈধ ভাটা গুঁড়িয়ে দিয়েছি প্রশাসন।

জেলা প্রশাসনের এমন অবস্থানকে স্বাগত জানিয়ে পরিবেশবাদীরা বলেন, অবৈধ ইটভাটা কৃষিজমি, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই একমাত্র গ্রহণযোগ্য পথ।

স্মারকলিপি প্রদানের সময় পঞ্চগড় জেলা ভাটা মালিক সমিতির সভাপতি শাহীন ইসলাম, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম, ভাটা মালিক আব্দুল মান্নান, গোলাম আজম গোলাপ এবং ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।