লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে বৃদ্ধা নিখোঁজ
বরিশাল থেকে ওই বৃদ্ধা ঢাকায় মেয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন।
বরিশালের হিজলা উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার সন্ধ্যায় উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন।
নিখোঁজ সালেহা বেগম (৬৫) উপজেলার বড়জালিয়া গ্রামের আব্দুল করিম সিকদারের স্ত্রী।
টিম লিডার আক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালেহা বেগম ঢাকায় মেয়ের বাসায় যেতে লঞ্চঘাটে আসেন। সঙ্গে তার স্বামী ও ভ্যানচালক ছিলেন। সালেহা বেগম কিছু মালামাল নিয়ে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চে উঠছিলেন।
“এ সময় তার হাত থেকে ঝাড়ু নিচে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান তিনি। নদীতে স্রোত থাকায় পড়ার সঙ্গে সঙ্গে লঞ্চের নিচে চলে যান তিনি।”
আক্তার হোসেন বলেন, ওই বৃদ্ধা নদীতে পড়ে যাওয়ার পর পর এক ব্যক্তি লাফিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তার বোরকা টেনে ধরার এক পর্যায়ে ওই ব্যক্তি লঞ্চের নিচে যাওয়ার উপক্রম হলে তিনি ছেড়ে দেন।
হিজলা নৌ-পুলিশের ওসি তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই বৃদ্ধার কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের টানে তিনি ভেসে গেছেন।
