Published : 13 Aug 2026, 04:10 PM
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় বাসের চাপায় লেগুনার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার এসআই মোহাম্মদ শামসুজ্জামান।
নিহতরা হলেন, চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
এসআই শামসুজ্জামান বলেন, সকালে নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনের একটি বাস কক্সবাজারের দিকে যাচ্ছিল, বিপরীত দিকে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল লেগুনাটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, খুটাখালী নয়াপাড়া এলাকায় বাসটির লেগুনার সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় দুমড়েমুচড়ে যাওয়া লেগুনাটির কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
ওই পুলিশ কর্মকর্তা আরও বলেন, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল মারা যান। আর মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।
এছাড়া আহত পাঁচজনের মধ্যে একজনকে কক্সবাজার সদর হাসপাতালে ও অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহত জসিম উদ্দিনের মরদেহ এর মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে বলেও জানান শামসুজ্জামান।
এদিকে কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আইনী প্রক্রিয়া শেষে কক্সবাজার মর্গে থাকা তিন জনের মধ্যে দুইজনের লাশ স্বজনদের কাছে দেয়া হয়েছে। অপরজনের মরদেহ হস্তান্তরের প্রস্তুতি চলছে।