Published : 13 Aug 2026, 01:02 AM
খাগড়াছড়ি শহরে জীবিত ও মৃত অবস্থায় ২৪টি গুইসাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৮টায় শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে ওই নারীকে আটক করা হয় বলে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান।
আটক প্রেমরাছো মারমা (৪৭) পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ার বাসিন্দা।
আটক নারীর বরাতে বনবিভাগ ও প্রশাসন জানায়, চট্টগ্রামের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে গুইসাপগুলো কিনে বিক্রির জন্য খাগড়াছড়িতে নিয়ে আসেন ওই নারী। এর মধ্যে ১০টি জীবিত এবং ১৪টি মৃত ছিল। জীবিত গুইসাপগুলো আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয় এবং মৃতগুলো মাটিচাপা দেওয়া হয়।
ওই নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী।