Published : 11 Aug 2026, 11:31 PM
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তাদের বহনকারী একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীসহ আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানা ওসি মাজহারুল ইসলাম।
পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, বাসটি সিংগাইরের দিকে যাওয়ার সময় ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের কথা-কাটাকাটি হয়। কাউসার সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে।
পরে বাসটি ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে সেখানে কাউসার ও অজ্ঞাত আরও চার-পাঁচজন পাইপ দিয়ে হামলা চালায়। এ সময় বাসটির জানালার কাঁচ ভাঙচুর করা হয়।
হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিম্বি আক্তার, পূর্ণিমা আক্তারসহ আটজন আহত হন। আহতদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, “হেমায়েতপুর থেকে অটোরিকশায় আসার পথে আমার ছেলে কাউসারের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের কর্মচারী ও শিক্ষার্থীরা কাউসারকে মারধর করে। এতে সে রেগে গিয়ে কয়েকজন সহযোগীকে নিয়ে বাসটির কয়েকটি কাঁচ ভাঙচুর করেছে।”
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, “বাস ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”