১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভয় পেয়ে রাজনীতি ছাড়ব না: সিলেটে নাসীরুদ্দীন পাটওয়ারী

“যদি গ্যাংবাজিই করতে চান, তাহলে রাজনীতির নামে না করে সরাসরি গ্যাংবাজির ঘোষণা দিন।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 07:33 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

হবিগঞ্জে ছাত্রদলের করা হয়রানি ও ছিনতাইয়ের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। 

তার দাবি, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং মামলা দিয়ে এনসিপির আন্দোলন দমিয়ে রাখা যাবে না।

শুক্রবার সিলেট সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন বলেন, “মানুষ ভয় পায়, আমরাও ভয় পাই। কিন্তু ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেব না।”

পুলিশের বাধার কারণে হবিগঞ্জে প্রবেশ করতে না পেরে এনসিপির নেতাকর্মীদের করা মামলার পর এবার দলটির দশ নেতা এবং অজ্ঞাত পরিচয় আরও ৫০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয় ছাত্রদল। 

বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেনের কাছে লিখিত অভিযোগটি দেন।

এর আগে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করা হয়। মামলার বাদী হয়েছেন জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তানভীর রুয়েল।

এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাটওয়ারী বলেন, “আমরা স্বাভাবিকভাবে রাজনীতি করছি, কর্মসূচি করছি। জেলে নিয়ে গেলে জেলে যাব, আর মেরে ফেললে কবরে চলে যাব। মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না। এসব অভিযোগের কোনো সত্যতা নেই।” 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, “মামলাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও সন্ত্রাস করে কেউ টিকে থাকতে পারে না। একদিন এসবের শেষ হবে।”

রাজনীতিতে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ চলছে অভিযোগ করে তিনি বলেন, “যদি গ্যাংবাজিই করতে চান, তাহলে রাজনীতির নামে না করে সরাসরি গ্যাংবাজির ঘোষণা দিন।”

ছাত্রদলের করা ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে নাসীরুদ্দীন বলেন, “তারা বলছে আইফোন ছিনতাই হয়েছে। সেটি কি জি কে গাউসের (সংসদ সদস্য) আইফোন, নাকি তারেক রহমানের আইফোন ছিল? এসব অভিযোগ অত্যন্ত লজ্জাজনক।”

তিনি বলেন, “আমাদের ওপর হামলা হয়েছে, আমরা মামলা করেছি। এরপর তারা একটি পাল্টা মামলা করেছে।”

এ সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা হয়েছে। আসলে ছিনতাই একটা হয়েছে। ছিনতাইটা হয়েছে তারেক রহমান ও বিএনপির মানসম্মানের।”

বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, “বর্তমানে বিএনপি আমাদেরকে কেন্দ্র করে যেভাবে বাধা দেওয়ার, প্রতিরোধ করার, গলা টিপে ধরার চেষ্টা করছে, সেটা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো।”

বৃহস্পতিবার ছাত্রদলের অভিযোগে এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল, সদস্যসচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন, প্রধান সমন্বয়কারী নাহিদ উদ্দিন তারেক, জাতীয় শক্তির হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নুর আলম চৌধুরী, ফখরুদ্দিন জাকি, মো. আব্দুল হাই কামাল, রুহাম গাজী ও ওয়াদুদ মাহমুদ চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। 

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান বলেন, “এনসিপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকটি আইফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন বলেন, “গভীর রাতে অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে মামলা নেওয়া হবে।”

হামলা-সংঘর্ষ: হবিগঞ্জ থানায় এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা অভিযোগ