Published : 31 Jul 2026, 04:37 PM
অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত আইন সংস্কার কমিশনের প্রস্তাব ‘জুলাই সনদের’ আলোকে বাস্তবায়ন করার কথা বলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, “অন্তবর্তীকালীন সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে; যার প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকিগুলো সংবিধান সংশোধন কমিটি কাজ করবে। জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব।”
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনা নিজেই দেশে ফিরে আসার কথা বলেছেন। এ ব্যাপারে তিনি আইন সঙ্গতভাবে নিজেকে আদালতের কাছ সমর্পণ করবেন।
“সরকারের পক্ষ থেকে যতটুকু আইনি পদক্ষেপ নেওয়া দরকার ততটুকুই নেওয়া হবে। আইনের কোনো ব্যত্যয় হবে না। আইন সঙ্গতভাবেই তাকে ডিল করা হবে।”
এ সময় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান এবং ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ উপস্থিত ছিলেন।