১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তারেক রহমানের ‘সিগন্যাল ছাড়া’ হামলা হতে পারে না: সারজিস আলম

গোলাপগঞ্জে গাড়িতে হামলা প্রসঙ্গে সিলেট সার্কিট হাউজে এনসিপি নেতা এ কথা বলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 07:52 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

তারেক রহমানের ‘গ্রিন সিগন্যাল ছাড়া’ হামলা হতে পারে না বলে বলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

সিলেটের গোলাপগঞ্জে হামলার পর বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউজে ভাঙচুর করা গাড়িটি সাংবাদিকদের দেখিয়ে তিনি এ কথা বলেন।  

এনসিপি নেতা বলেন, “উপরে উপরে ভালো হওয়ার ভান ধরে, ভেতরে ভেতরে এই ধরনের ছাত্রলীগ যেভাবে বেপরোয়া ছিল, সন্ত্রাসী বাহিনী ছিল- একইভাবে ছাত্রদলকে তারেক রহমান পরিচালনা করতেছেন। এবং তারেক রহমানের এখানে গ্রিন সিগন্যাল ছাড়া, স্থানীয় বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া, ওই বিএনপি, যুবদল-ছাত্রদলের যারা নেতৃবৃন্দ, তারা কোনোদিনই হামলাটা করতে পারত না। কোনো নেতাকর্মী, সন্ত্রাসীরা এককভাবে হামলা করতে পারত না।’’

তিনি বলেন, “আমরা ওই প্রোগ্রাম শেষ করে পাঁচ মাইল বাজারে দুপুরে খাওয়ার জায়গা ছিল, ওইখানে গেছি। রড নিয়ে আসছে, চাপাতি নিয়ে আসছে, আমাদের কাছে ভিডিও পর্যন্ত আছে। বিএনপির ওই সন্ত্রাসীরা রড, চাপাতি দিয়ে আমাদের গাড়িতে মারছে। আমাদের... এই যে দেখেন, এরা এখন চোখ চায়!”

ছাত্রদল এখন ‘চোখপিপাসু’ মন্তব্য করে সারজিস বলেন, “শেখ হাসিনা ছিল রক্তপিপাসু, এই তারেক রহমানের ছাত্রদলের সন্ত্রাসীরা হইছে চোখপিপাসু, একটার চোখ হবিগঞ্জে তুলে নিছে, আরেকটার চোখ তুলে নেওয়ার জন্য এই যে এখানে চোখে বাড়ি মারছে। আমরা ওইখানে খাইতে গেছি, ওই জায়গা পর্যন্ত তারা আমাদেরকে নামতে দেয় নাই।”

এনসিপি নেতা বলেন, “তাদের কথা হইলো যে, এখানে বাংলাদেশে আবার একটা শেখ হাসিনা স্বৈরাচারের পরে বিএনপি আরেকটা স্বৈরাচার কায়েম করবে, আর কোনো দলকে দাঁড়াইতে দিবে না। এটা যদি হয়, বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে।”

তিনি বলেন, “এখন মানুষ মারার এই দায়ভার তারেক রহমান নিছেন কিনা, এটা তারেক রহমানের বলা উচিত। যদি নেয়, ছাত্রদলকে যদি এভাবে সন্ত্রাসী পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করতে চায়, যদি তার দলকে তারেক রহমান নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে বলুক- আমি সন্ত্রাসী বাহিনী, সন্ত্রাসী ক্যাডার পালতেছি। ছাত্রদল আমার সন্ত্রাসী ক্যাডার বাহিনী। তারা হামলা করবে, আপনারা আপনাদের মত রাজনীতি করেন। তাহলে আমরা আমাদের মত রাজনীতি করব।”