Published : 26 Jul 2026, 07:54 PM
পাবনার চাটমোহর উপজেলায় মাছ ধরার ফাঁদে আটকেপড়া একটি গন্ধগোকুল উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রাম থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস।
স্থানীয়রা জানান, সকালে কুমারগাড়া গ্রামের যুবক মিলন হোসেন মাছ ধরার জন্য পাতা ‘ধুদি’ নামের একটি দেশীয় ফাঁদের মধ্যে প্রাণীটিকে দেখতে পান। পরে তিনি সাবধানে ফাঁদ থেকে প্রাণীটিকে উদ্ধার করেন।
প্রাণীটি সম্পর্কে জানতে খোঁজ নিয়ে বুঝতে পারেন, এটি গন্ধগোকুল। পরে মিলন হোসেন বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস ঘটনাস্থলে যান।
পরে বনবিভাগের সহযোগিতায় প্রাণীটিকে বিলচলন ইউনিয়ন পরিষদের পেছনের একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এ সময় বিরল এই বন্যপ্রাণীটি দেখতে স্থানীয় অনেক মানুষ সেখানে ভিড় করেন।
উপজেলা বন সহকারী রতন আলী বিশ্বাস বলেন, “এটি গন্ধগোকুল। গন্ধগোকুল একটি নিরীহ নিশাচর প্রাণী। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা রয়েছে। ইঁদুর, ব্যাঙ ও ক্ষতিকর পোকামাকড় খেয়ে এরা ফসলের উপকার করে।”
তিনি গন্ধগোকুলসহ বন্যপ্রাণী রক্ষায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে এটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।”