১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খালে গোসলে নেমে তলিয়ে যান স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু

পুলিশ বলছে, স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 06:42 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

নওগাঁর বদলগাছীতে বেড়াতে গিয়ে খালে ডুবে প্রাণ হারিয়েছেন এক নবদম্পতি। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্বামীকে পানিতে তলিয়ে যেতে দেখে তাকে বাঁচাতে ঝাঁপ দেন স্ত্রী। শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু হয়। 

আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এ ঘটনা ঘটে বলে বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন। 

মৃতরা হলেন- বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের শামীম হোসেনের মেয়ে সুমাইয়া (১৬) এবং মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে তার স্বামী নুর ইসলাম (২০)। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, ছয়-সাত মাস আগে নুর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। বিয়ের পর প্রথমবারের মতো শনিবার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান নুর ইসলাম। রোববার দুপুরে শ্বশুর বাড়ির পাশের একটি খালে (খাড়ি) কয়েকজন কিশোরকে গোসল করতে দেখে তিনিও পানিতে নামেন। এক পর্যায়ে গভীর পানিতে তলিয়ে গেলে আর ওপরে উঠতে পারেননি।

স্বামীকে ডুবে যেতে দেখে সুমাইয়া কোনো কিছু না ভেবেই তাকে উদ্ধারের জন্য পানিতে ঝাঁপ দেন। কিন্তু সাঁতার না জানায় কিংবা গভীর পানির কারণে তিনিও ডুবে যান। 

দুজনকে পানির নিচে প্রাণপণে ভেসে ওঠার চেষ্টা করতে দেখে আশপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নবদম্পতিকে মৃত ঘোষণা করেন। 

ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।