Published : 21 Jul 2026, 09:32 PM
বগুড়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় স্থাপনের দাবিতে মানবপ্রাচীর, সমাবেশ ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি হয়।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অবরোধের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মহাসড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সমাবেশে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, প্রায় ২৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামালপুর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। তবে দীর্ঘ সময়েও সেই উদ্যোগ বাস্তবায়ন হয়নি।
তিনি অভিযোগ করেন, ভূমি অধিগ্রহণে জটিলতার কথা বলে প্রস্তাবিত স্থান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ আব্দুল হালিম বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে। ভূমি অধিগ্রহণেও কোনো সমস্যা নেই।
তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর কাছাকাছি হওয়ায় এলাকাটি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত।
বক্তারা বলেন, জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়বে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার প্রসার, স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
তারা অভিযোগ করেন, ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রস্তুতি থাকা সত্ত্বেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করলেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে।
বক্তাদের দাবি, বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করেছেন।
তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরের সময় জামালপুরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস দিয়েছেন।
কর্মসূচি থেকে বক্তারা প্রস্তাবিত স্থান পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে জামালপুর এলাকাতেই বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন এবং এ বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।