১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মাদকসেবনে বাধা দেওয়ায়’ নোয়াখালীতে বিএনপি নেতা খুন

“উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।”

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2026, 04:11 PM

Updated : 11 Sep 2026, 03:40 PM

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও স্বজনরা জানিয়েছেন।    

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া জানান, বুধবার রাত ১১টার দিকে সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজার সংলগ্ন পল্লী বিদ্যুতের সাব স্টেশনের সামনে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। 

নিহত ৫০ বছর বয়সী মো. ফারুক ওরফে শহীদ মধ্য সুন্দলপুর গ্রামের চৌধুরী মেস্ত্রীরর ছেলে। 

তিনি সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং স্থানীয় তেঁতুলতলা বাজারের ব্যবসায়ী ছিলেন।

তার লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

এ ঘটনায় আটক মো. আরশাদ আকাশ (২৪)  মধ্য সুন্দলপুর গ্রামের আল আমিনের ছেলে।  

নিহতের বড় ছেলে মো. ইমরানের ভাষ্য, “আরশাদ আকাশ আগে মাঝে মধ্যে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন এবং এলাকায় একজন ‘চিহ্নিত মাদকসেবী’ হিসেবে পরিচিত ছিল। গত মঙ্গলবার রাতে তেঁতুলতলা বাজারের একটি দোকানে মাদকসেবনকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাবা আকাশকে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেন।

“পরদিন সকালে আকাশ কয়েকজনের কাছে বাবাকে হত্যা করবে বলে হুমকি দেয়। এরপর রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বাবার পথরোধ করে মেরুদণ্ডে ছুরিকাঘাত করে আকাশ।” 

ইমরান বলেন, “গুরুতর অবস্থায় বাবাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।”

ওসি রোমেল বড়ুয়া বলেন, “মাদকসেবনের প্রতিবাদ করার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণর প্রস্তুতি চলছে।” 

পুলিশ কর্মকর্তার ভাষ্য, “ঘটনাস্থল থেকে আরও একজনকে আটক করা হয়েছিল। তবে সেটি আসলে ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।”