১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঝালকাঠিতে শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ, পুলিশ হেফাজতে মা

বিবাহবিচ্ছেদের পর মেয়েকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 08:29 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচ বছরের মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান।

ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের সাবেক স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লাকি আক্তার পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে নেমে মা ও শিশুকে উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

লাকি আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। কিছুদিন আগে তাদের বিচ্ছেদ হয়। এরপর মেয়েকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল। এসব কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশা থেকে এমন সিদ্ধান্ত নেন।

অন্যদিকে সাইদুল ইসলাম বলেন, তাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় তিনি নলছিটি থানায় অভিযোগ করেছেন।

ওসি তৌহিদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এবং শিশুকেও ঝুঁকির মধ্যে ফেলেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: 

সন্তানকে নিয়ে সুগন্ধায় ঝাঁপ মায়েরএগিয়ে এলেন স্থানীয়রা