১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে ১৬ নদনদীর পানি বৃদ্ধি, বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপরে দুধকুমার

তিস্তার পানি বিপৎসীমার ছয় ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 11:23 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। এর মধ্যে দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।

সোমবার সকাল ৯টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছেন কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান।

এ ছাড়া তিস্তা নদীর পানি বিপৎসীমার ছয় ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

পানি বৃদ্ধি পাওয়ায় নদ-নদী এলাকায় অবস্থিত নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে মাঠের আমন বীজতলা, বিভিন্ন প্রকার সবজি, বাদাম ও পাট ক্ষেত তলিয়ে গেছে।

দুধকুমার নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকার ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। এভাবে পানি বাড়তে থাকলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বাসিন্দারা।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উজানে ভারতের দোমুহুনি পয়েন্ট এবং গজলডোবা পয়েন্টের পানি বৃদ্ধি পাওয়ার প্রভাবে কুড়িগ্রামের নদ-নদীতে পড়ছে। ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।