১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

পুলিশ বলছে, গোপন সংবাদে অভিযান চালিয়ে দুটি ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 04:35 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ঢাকার সাভারে ইউনিয়ন পর্যায়ের এক ছাত্রদল নেতাকে ইয়াবাসহ আটকের কথা জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, চাপাইন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক তাইসির খান সাভার সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক। পরে তার মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গোপন সংবাদে অভিযান চালিয়ে দুটি ইয়াবাসহ তাইসির খানকে হাতেনাতে আটক করা হয়। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ওই ভিডিওতে তাকে একজন সহযোগীর সঙ্গে মাদক সেবন করতে দেখা যায়।

পরিদর্শক নূর মোহাম্মদ বলছেন, তাইসির খানের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি তাদের নজরে এসেছে।

তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।”

এ বিষয়ে জানতে ঢাকা জেলা (উত্তর) ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তারা সাড়া দেননি। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সহ-সাংগঠনিক পদ থেকে তাইসির খানকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার দুপুরে সাভার থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. সারাফাত হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়। 

একই সঙ্গে সাভার থানা কমিটির সকল নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা বহিষ্কৃত ওই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখেন।