১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে পুড়ে গেছে ১০৫ দোকান, ১২ কোটি টাকা ক্ষতির দাবি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 05:49 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বাজারের কাপড় পট্টিতে আগুনে ছোট-বড় মিলিয়ে অন্তত ১০৫টি দোকান পুড়ে গেছে। 

এতে প্রায় ১২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা বাজারের দক্ষিণ পাশের একটি কাপড়ের দোকান থেকে থেকে আগুন ছড়ায় বলে জানান কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক এনামুল হক।

ফায়ার সার্ভিস জানায়, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দোকানগুলোতে থাকা কাপড় ও অন্যান্য দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কাপড় দোকান ব্যবসায়ী সমিতির সভাপতি আখতারুজ্জামান জানান, কাপড় পট্টির ৭৫টি দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রতিটি দোকানে পাঁচ থেকে ১০ লাখ টাকার মালামাল ছিল। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ১০৫টি দোকান পুড়ে গেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর সামনে বসে অনেক ব্যবসায়ী কান্না করছেন। কেউ কেউ পুড়ে যাওয়া দোকানের ধ্বংসস্তূপে অবশিষ্ট মালামাল খুঁজে দেখছিলেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।