২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসচাপায় নারী, ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু

গাজীপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুর প্রাণ গেছে; আহত হয়েছেন এক নারী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2022, 12:53 PM

Updated : 22 Jul 2022, 03:56 AM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রঙ্গীলা এলাকায় এবং মাওনা-বরমী সড়কের বরামা এলাকায় বৃহস্পতিবার রাতে এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

মৃতরা হলেন- নেত্রকোণা জেলার কলমাকান্দা এলাকার সোহাগ মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও পঞ্চগড় জেলার বাসিন্দা মো. আললামিনের মেয়ে তামান্না (১১)।

এ ঘটনায় আহত হয়েছেন তামান্নার মা পারুল আক্তার। তাকে ময়মনসিংহ মেডেকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “রঙ্গীলা এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাত ৯টার দিকে ময়মনসিংহগামী একটি বাস তাসলিমাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “ঈদের ছুটি কাটিয়ে দিনাজপুর থেকে স্ত্রী পারুল আক্তার ও মেয়ে তামান্নাকে নিয়ে মোটরসাইকেলে করে শ্রীপুরের বরামা এলাকায় ফিরছিলেন আলামিন।

“পথে রাত সাড়ে ৮টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ছিটকে পড়ে তামান্না ঘটনাস্থলেই নিহত হয়।”

তামান্নার মা পারুলের হাত, পা ও মাথাসহ বিভিন্নস্থানে গুরুতর আঘাত পান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।