নওগাঁয় বাস উল্টে শিশু নিহত
নওগাঁয় বাস উল্টে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে; আহত হয়েছে বাসের ১০ যাত্রী।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে জেলার পত্নীতলা উপজেলার কাটাবাড়ি মোড়ে তারা হতাহত হন বলে জানান পত্নীতলা থানার ওসি শামসুল আলম শাহ।
নিহত জারিফা খাতুন উপজেলার নতুনহাট এলাকার জাহিদুল ইসলামের মেয়ে।
ওসি শামসুল বলেন, নওগাঁ থেকে নজিপুরগামী বাসটি কাটাবাড়ি মোড়ে মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের যাত্রী জারিফা নিহত হয়।
তাছাড়া এতে বাসের আরও ১০ যাত্রী আহত হলে তাদের পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি।
বাসটি রাস্তা থেকে সরানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি শামসুল আলম শাহ।
