১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে ‘পরিবারের সদস্যদের পিটুনিতে’ আহত প্রবাসীর মৃত্যু

ময়মনসিংহে ‘পরিবারের সদস্যদের পিটুনিতে’ আহত এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন; এ ঘটনায় তার মাকে আটক করেছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 02:06 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

জেলার পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারফুল ঢালী (২৮) নামে এই ব্যক্তির মৃত্যু হয়।

শারফুল পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের চাকুয়া গ্রামের ইসহাক ঢালীর ছেলে।

ঘটনার পর থেকে ইসহাক ও তার ছোট ছেলে আশরাফুল ঢালী (২৫) পলাতক রয়েছেন।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শাহাবুদ্দিন স্থানীয়দের বরাতে বলেন, শারফুল আট বছর লেবাননে ছিলেন । মাস ছয়েক আগে দেশে আসেন। বিদেশ থাকার সময় সব টাকা বাবার নামে দেশে পাঠান শারফুল। দেশে এসে টাকার হিসেব চাইলে শুরু হয় দ্বন্দ্ব।  বুধবার সকালে তার বাবা, মা ও ছোট ভাই তাকে পিটিয়ে একটি রুমে তালাবদ্ধ করে রাখেন বলে খবর মিলেছে।

পরে চাচা নূরুল ইসলাম ঢালী শারফুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান চেয়ারম্যান।

ওসি রাশেদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ শারফুলের মাকে আটক করেছে। অন্যদের আটক ও এ ঘটনায় হত্যা মামলা দায়েরে প্রস্ততি চলছে।