১৯ অক্টোবর ২০২৬, ০৪ কার্তিক ১৪৩৩

গাইবান্ধায় মাদক মামলায় একজনের ফাঁসির রায়

গাইবান্ধায় একটি মাদক মামলায় এক যুবককে মৃত্যুদণ্ড হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 05:38 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

মঙ্গলবার গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত পারভেজ মিয়া (৩১) বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদারপাড়া গ্রামের শামীম আলমের ছেলে। তিনি সাম্য রাজা পরিবহন-১ এর বাস সুপারভাইজার ছিলেন।

মৃত্যদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেছেন। 

এছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে তিনজনকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার দুধিয়া গ্রামের আফাজ উদ্দিন, একউ উপজেলার শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামের দুদু মিয়া ও একই উপজেলার বাগদা পলুপাড়া গ্রামের সাইদুল ইসলাম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ জানান, ২০১৮ সালের ১ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে হিলিগামী সাম্য রাজা-১ নামে একটি বাসে অভিযান চালায়।

এ সময় ওই বাসের সুপারভাইজার পারভেজ মিয়ার কাছে থাকা একটি ব্যাগে ৪৫০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে আসামির দেওয়া তথ্যে আরও তিনজনকে আটক করা হয়।

এই ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় চারজনকে জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার  বিচারকাজ শুরু হয়।