কোভিডে খুলনা বিভাগে ২৭ মৃত্যু
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন সময় তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান।
তিনি বলেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন নয়জন। তাছাড়া খুলনায় সাতজন, যশোরে তিনজন, মেহেরপুরে তিনজন, ঝিনাইদহে দুইজন, সাতক্ষীরায় দুইজন ও চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।
রাশেদা সুলতানা বলেন, একই সময়ে বিভাগে নতুন করে এক হাজার ২৭৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিভাগে মোট শনাক্ত হয়েছেন ৫৬ হাজার ২৭৫ জন। তাদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭০ জন। সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪০১ জন।
এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ৩২ জনের মৃত্যু হয়।
খুলনার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা শেখ সাদিয়া মনোয়ারা ঊষা জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় মোট ৮৮৭ জনের পরীক্ষায় ৩৭৭ জনের পজিটিভ শনাক্ত হয়েছে, যা মোট নমুনা পরীক্ষার ৪২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত জেলায় ১৫ হাজার ৬৯৮ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৫৭ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৮২ জন।
