২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঢাকায় দম বন্ধ হয়ে আসে লকডাউনে’, শিমুলিয়ায় ফেরি পারের লড়াই

“লকডাউনে ঢাকায় দম বন্ধ হয়ে আসে। গ্রামে কড়াকড়ি নেই। কটা দিন শান্তিতে থাকা যাবে,” বললেন ঢাকার মোহাম্মদপুরের গৃহবধূ সুমনা আক্তার।

ফারহানা

মির্জা, মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2021, 02:24 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ বলবৎ থাকার ঘোষণায় কয়েক দিন ধরে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরিঘাটে নেমেছে বাড়িমুখো মানুষের স্রোত। বুধবার তা আরও বেড়েছে।

গৃহবধূ সুমনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লকডাউনে ঢাকায় কোথাও যাওয়া যায় না। গ্রামে এবাড়ি-ওবাড়ি যেতে নিষেধ নেই। তাই কষ্ট করে চলে যাচ্ছি।”

সুমনার সঙ্গে রয়েছে দুই বাচ্চা ও গৃহকর্মী। তারা অন্যদের সঙ্গে ঠেলাঠেলি করেই ফেরিতে ওঠার অপেক্ষায় রয়েছেন।

নিজেকে রুমন নামে পরিচয় দিয়ে এক তরুণ জানান, তাদের বাড়ি ফরিদপুর। ঢাকার ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করেন তিনি। লকডাউনে দোকান বন্ধ থাকবে। তাই তিনি বাড়ি যাচ্ছেন।

“ঢাকায় আমি একটি ম্যাচে থাকি। ম্যাচের অন্য সবাই যার যার বাড়ি চলে গেছে। ম্যাচ এখন বন্ধ হয়ে গেছে। তাই বাড়ি না গিয়ে আমার আর উপায় নেই। ”

ঘাটে এসে সবাইকেই ঘণ্টার ঘণ্টা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ফেরির অপেক্ষায়। ফেরি ভিড়লে মুহূর্তের মধ্যে ভরে যাচ্ছে। ফেরিতেও গাদাগাদি-ঠাসাঠাসি করে দাঁড়িয়ে পার হচ্ছেন সবাই।

২ নম্বর ফেরিঘাট থেকে অটোরিকশায় করে ঢাকার উদ্দেশে রওনা হতে দেখা গেল একটি তাবলীগ জামাতের দলকে।

তাদের একজন বলেন, “আমরা ২৬ জনের দল নিয়ে তিন চিল্লা দিতে বের হয়েছিলাম। এক চিল্লা মানে ৪০ দিন। বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউনের ঘোষণায় ২৯ দিনের মাথায় ফিরে যাচ্ছি।”

গত সোমবার লকডাউন শুরু হলেও অনেকে তা উপেক্ষা করে চলেছে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, “আজ আমরা একটু ছাড় দিয়েছি। সত্যিকারের লকডাউন শুরু হবে বৃহস্পতিবার থেকে। তখন কোনো রকম ছাড় দেব না।”

সোমবার থেকে লঞ্চ-স্পিডবোট বন্ধ থাকলেও যাত্রীরা ফেরিতে পার হতে পারছেন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক আহম্মদ আলী বলেন, “লকডাউন কেন্দ্র করে ঘাটে অনেক মানুষ আসছে। লকডাউনে যাত্রী পার করার বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তাদের পারাপারে বাধা দেওয়া হচ্ছে না।”

পদ্মায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের দূরত্ব বর্তমানে ১১ কিলোমিটার জানিয়ে তিনি বলেন, “এখন সেখানে দৈনিক ১৫টি ফেরিতে চার সহস্রাধিক গাড়ি ছাড়াও লাখো যাত্রী পার করা হচ্ছে।”