২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেশিন বিকল: তাজউদ্দীনের ল্যাবে কোভিড পরীক্ষা বন্ধ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু মেশিন বিকল হওয়ায় করোনাভাইরাস নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2021, 10:12 PM

Updated : 02 Aug 2022, 06:01 PM

সোমবার থেকে ওই মেশিনটি বিকল হয়ে পড়ায় এ ল্যাবে আর করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে না। এখানকার নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

এ মেডিকেল কলেজের মাইক্রোবায়েলজি বিভাগের প্রধান ও মাইক্রোবায়েলজি ল্যাবের ইনচার্জ ডা. সাইফুল ইসলাম জানান, কয়েকদিন ধরেই বায়োসেপ্টিক কেবিনেটে ল্যামিনার ফ্লু’র মেশিনটিতে সমস্যা দেখা দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কার্যালয়কে জানানো হয়।

গত ২৭ জুন ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম এসে মেশিনটি পরিবর্তনের পরামর্শ দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দেয়।

২৮ জুন সকালে কাজ করতে গিয়ে মেশিনটি বিকল হয়ে যায়। এদিন থেকে সব নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, ল্যাবে করোনাভাইরাস সংক্রমণ রোধে এ কেবিনেটের ভেতরে নমুনা রেখে কাজ করতে হয়। আর ওই কেবিনেটের ল্যামিনার ফ্লু নষ্ট বা বিকল হলে ল্যাবের বাতাসে ভাইরাস ছড়িয়ে সেখানে থাকা কর্মকর্তা-কর্মচারীরা সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে।

ইতোমধ্যে এখানকার দুই কর্মচারী আক্রান্ত হয়ে তারা কোয়ারেন্টিনে রয়েছেন। এ ল্যাবে পর্যায়ক্রমে ৬ জন চিকিৎসক, ৭ জন টেকনেশিয়ান এবং ৭ জন কর্মচারী কাজ করেন।

এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি করোনা নমুনা পরীক্ষা করা যায়। এখানে ২৪ ঘণ্টার মধ্যেই এসব নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও ঢাকায় নমুনা পাঠানো হলে এ পরীক্ষার ফল পেতে সময় কিছুটা বেশি লেগে যায় বলেন তিনি। 

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব ছাড়াও গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হয়।

গাজীপুরে প্রতিদিন পৌনে চারশর মতো নমুনা সংগ্রহ হয়। এসব নমুনা গাজীপুরের এ দুই প্রতিষ্ঠান ছাড়াও ঢাকার আইপিএইচ ল্যাব এবং সাভারের বায়োটেনোলজি ল্যাবেও পাঠানো হয়।