শেরপুরের মুক্তিযুদ্ধের সংগঠক আমজাদ হোসেন আর নেই
সেক্টর কমান্ডারস ফোরাম শেরপুর জেলা সভাপতি আমজাদ হোসেন আর নেই।
শনিবার ৭৪ বছর বয়সে মুক্তিযুদ্ধকালীন শেরপুরের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের এই আহবায়কের মৃত্যু হয়েছে।
তিনি স্ত্রী, আমেরিকা প্রবাসী এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
তার মামা শ্বশুর রাশেদুল ইসলাম তনু মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রাশেদুল জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে শেরপুর শহরের নয়ানী বাজারের বাসায় শৌচাগারে যাওয়ার সময় পিছলে পড়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন।
প্রথমে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে টঙ্গি এলাকায় তার মৃত্যু হয় বলে রাশেদুল জানান।
শেরপুর শহরের শীতলপুর এলাকায় জন্মগ্রহণকারী আমজাদ হোসেন রাজনীতির পাশপাশি ব্যবসা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন।
মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, যুদ্ধাপারধীদের বিচার এবং সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তিনি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ছাত্র জীবনেই তিনি ছাত্র রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
১৯৭০ সালে শেরপুর কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তযুদ্ধকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এবং ১৯৭১ সালের ২৩ মার্চ শহীদ দারোগ আলী পৌর পার্কে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
শেরপুর পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং মিল মালিক সমিতির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া শেরপুর উপজেলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ, যুবলীগ ও রোটারী ক্লাবের সভাপতি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি শেরপুর শহরের শীতলপুর এলাকায় হাজী কলিমদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
তার মৃত্যুতে হুইপ আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেম্বার সভাপতি আসাদুজ্জামান রৌশন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, সেক্টর কর্মান্ডারস ফোরাম নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
রোববার সকাল ১০টায় তার নামাজে জানাজা শেরপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর তাকে শেরপুর টাউনের চাপাতলী পৌর কবরাস্থানে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানান।
