১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় দুইজনের গুলিবিদ্ধ লাশ, পুলিশ বলছে ‘সন্ত্রাসী’

বগুড়ার শেরপুরে গুলিতে দুইজন নিহত হওয়ার খবর জানিয়ে পুলিশ বলেছে, ‘দুই দল সন্ত্রাসীর’ গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 10:28 AM

Updated : 18 Aug 2022, 05:37 PM

মঙ্গলবার রাত ১টার দিকে ভবানীপুর বাজারের দক্ষিণ পাশে সেতুর ওপর গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর ভাষ্য।

নিহতদের মধ্যে ধনেশ সরকার ওরফে সুকুমার সরকার (৩৮) গাইবান্ধা সদরের কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে। আর আফজাল হোসেন (৫৫) নাটোর জেলার সিংড়া থানার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে।

সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে আফজালের নামে থানায় ২০টি এবং ধনেশের নামে ১১টি মামলা রয়েছে বলে তথ্য দিয়েছে পুলিশ। 

সনাতন চক্রবর্তী বলেন, রাতে ভবানীপুর বাজারে গোলাগুলির খবর পেয়ে তিনি নিজে, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং শেরপুর থানার ওসি হুমায়ুন কবির একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

“সেখানে আমরা দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাই। উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যায়।”

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন জানান।