টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩
টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় অটোরিকশা আরোহী এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন।
মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, উপজেলার কদিম দেওহাটা কচুয়াপাড়া এলাকার ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে রোববার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০) এবং অটোরিকশার রিকশা চালক মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামের শরবেস আলী।
এ ঘটনায় জাহাঙ্গীর ও তাসলিমা দম্পতির পাঁচ বছরের ছেলে বিজয় আহত হয়েছে বলে পুলিশ জানায়।
ওসি বলেন, জাহাঙ্গীর তার স্ত্রী ও ছেলেকে নিয়ে মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল থেকে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
“পথে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী একটি লোকাল বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাসলিমা নিহত হন।”
বাকিদের আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকেরা জাহাঙ্গীর ও শরবেসকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
