শেরপুর কারাগারের মাদক মামলার আসামির মৃত্যু
শেরপুর জেলা কারাগারের মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে।
কারাগারের জেলার ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি পর ৩৫ বছর বয়সী হোসেন আলী নামের ওই আসামির মৃত্যু হয়।
হোসেন শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া সোনারপাড়া গ্রামের শমসের আলীর ছেলে।
জেলার ইসমাইল বলেন, গত ১৫ জুন মাদক মামলায় হোসেনকে শেরপুর জেলা কারাগারে আনা হয়।
“শুক্রবার রাত ৮টার দিকে তার রক্ত বমি শুরু হয়। এক পর্যায়ে হোসেন গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।”
জেলা কারাগারের চিকিৎসক মো. মোবারক হোসেন বলেন, “রক্তবমির কারণে রক্তশূন্য হয়ে তার মৃত্যু হয় “
শেরপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
