শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১১
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় দুই গ্রামে অন্তত ১১ জন আহত হয়েছেন।
এর মধ্যে উপজেলার গোবিন্দপুর গ্রামে সোমবার রাতে এক প্রার্থীর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে শিশুসহ ৫ জনকে আহত করা হয়।
আর মঙ্গলবার সকালে রূপদা গ্রামে দুই পক্ষের মধ্যে আহত হয়েছেন সংঘর্ষে ৬ জন। আহতদের শৈলকুপা, ঝিনাইদহ সদর ও মাগুরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির বর্জনে এবার শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন দুজন। গত মেয়াদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা এবার দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন।
তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার।
রোববার এ উপজেলার নির্বাচনে মোশাররফ হোসেন সোনা মাত্র ৩৬০ ভোটের ব্যবধানে নায়েব আলী জোয়ার্দারকে হারিয়ে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।
এরপর সোমবার রাতে গোবিন্দপুর গ্রামে নায়েব আলীর কয়েকজন সমর্থকের বাড়িতে হামলার ঘটনা ঘটে বলে শৈলকুপা থানা পুলিশ জানায়।
শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন কাজী তোয়াজ উদ্দিন বলেন, “রাত ১০টার দিকে আনারসের সমর্থকরা আমাদের বাড়িতে হামলা করে। তারা আমাকে, আমার ছেলে সাইদুর কাজী আর নাতনী শিলাকে হাতুড়ি দিয়ে পেটায়। গ্রামের আরও দুজনকে তারা হাতুড়ি দিয়ে পেটায়।”
এরপর মঙ্গলবার সকালে রূপদা গ্রামে আনারস ও নৌকা প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধলে ছয়জন আহত হন বলে নিত্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বিশ্বাস জানান।
শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান বলেন, রূপদা গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে ধর্মপাড়া গ্রামেও মঙ্গলবার সকালে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেওয়ায় কোনো অঘটন সেখানে ঘটেনি।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “নির্বাচনের পর এলাকার আধিপত্য নিয়ে এই সহিংসতা হচ্ছে।”
ঝিনাইদহের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, “যারা অশান্তি সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ ছাড় পাবে না।”
হামলা-সহিংসতার এই ঘটনায় দুই প্রার্থীর বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
