সাংবাদিকদের পেটাল ‘নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা’
সড়ক অবরোধের সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের মারধরের অভিযোগ উঠেছে ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে।
সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ হামলার প্রতিবাদে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন করে দোষীদের শাস্তির দাবি করেছেন সাংবাদিকরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগা নিয়ে রোববার ছাত্র-পুলিশ-জনতা সংঘর্ষ হয়। এর জেরে সোমবারও বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।
“এরপর শিক্ষার্থীরা রোববার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিভিন্ন যানবাহন ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলেও আজ আবার একই ঘটনায় শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন।”
শাহীদ আরও বলেন, এ ঘটনার সংবাদ সংগ্রহে গেলে গতকাল ভুল সংবাদ প্রচার করেছে অভিযোগ তুলে শিক্ষার্থীরা রড দিয়ে পিঠিয়ে সাংবাদিকদের গুরুতর আহত করেন এবং ক্যামেরা মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করেন।
ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্টস অ্যাসোসিয়েশন সভাপতি অমিত রায় বলেন, “আমরা সাংবাদিকদের মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছি, মামলা দায়ের করব। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।”
ময়মনসিংহ পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, “সাংবাদিকদের উপর হামলার বিষয়টি শুনে ময়মনসিংহ প্রেসক্লাবে গিয়েছি। সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে এ নিয়ে কথাও বলেছি। তারা মামলা করতে চাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
রোববার বিকালে ময়মনসিংহের শিকারিকান্দা বেলতলি ব্রিজের কাছে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি বাসের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বাস শ্রমিক ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
