১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বগুড়ায় লাশ নেওয়ার সময় লাশ হলেন আরও ২ জন

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2018, 06:09 PM

Updated : 11 Oct 2022, 12:18 PM

Image
দুর্ঘটনায় পড়া অ্যাম্বুলেন্সের অক্ষত শিশুযাত্রী

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল জানান, শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ঘোগা বটতলা এলাকায় হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামের মামুনুর রশিদ (৪০)।

পুলিশ অ্যাম্বুলেন্স চালকের বয়স আনুমানিক ৩৮ বছর বলে জানালেও পরিচয় বলতে পারেনি।

এসআই আজিজ বলেন, ঢাকা থেকে লাশবাহী অ্যাম্বুলেন্স নওগাঁর দিকে যাচ্ছিল। ঘোগাবটতলা এসে ট্রাকের মুখোমুখি হয়। সংঘর্ষে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় মামুনের স্ত্রী ফারজানা ববি (৩০) ও তার মা রুনা লায়লাকে (৫৬) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রুনা লায়লার অবস্থা আশংকাজনক বলে জানান এসআই আজিজ।

চিকিৎসাধীন অবস্থায় ফারজানা ববি জানান, তার ছোট বোন নিনা (২৮) কিডনির রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

লাশ নিয়ে তারা বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। তবে অ্যাম্বুলেন্সে তাদের সঙ্গে থাকা ববির দুই বছরের শিশুসন্তান অক্ষত রয়েছে।

দুর্ঘটনার পরপরই ট্রাক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।