মাদারীপুরে তক্ষকসহ আটক চারজনকে দণ্ড
বিরল প্রজাতির বন্যপ্রাণি তক্ষকসহ আটকের পর মাদারীপুরের শিবচরে চার ব্যক্তিকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চার মাস করে কারাদণ্ড দিয়েছেন।
এরা হলেন শিবচর উপজেলার কাঠালবাড়ি গ্রামের আবদুল বারেক শিকদার (৩২), তার সহযোগী নাসির (২৭), নুরুল ইসলাম (৪০) ও রেজাউল করিম।
শিবচর থানার ওসি মো. জাকির হোসেন জানান, বারেক শিকদারের বাড়িতে একটি তক্ষক আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে বারেকসহ চারজনকে গ্রেপ্তার ও একটি তক্ষক উদ্ধার করে পুলিশ।
পরে বৃহস্পতিবার দুপুরে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের চার মাস করে কারাদণ্ড দেয়।
