১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রংপুরে ছেলে হত্যা মামলায় বাবার যাবজ্জীবন

রংপুরের ছেলে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2018, 05:41 PM

Updated : 19 Aug 2022, 01:56 PM

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এ বি এম নিজামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলামের বাড়ি বদরগঞ্জের লোহানীপাড়া ইউনিয়নের মোসলমারী গ্রামে।

যাবজ্জীবনের পাশাপাশি আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে বলে পিপি আব্দুল মালেক জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে আমিনুল ইসলামের ছেলে রায়হান কবীরের (২৫) সঙ্গে মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ছড়ান আটফুনিয়ার চর গ্রামের আব্দুস সোবহানের মেয়ে রূপালি বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে রূপালির সঙ্গে শ্বশুর আমিনুল অসদাচারণ করতে থাকেন। একপর্যায়ে স্ত্রীকে বাবার বাড়ি পাঠিয়ে দেন রায়হান।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর বিকালে স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন রায়হান। এ নিয়ে বাবা-ছেলের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হাতে থাকা চাকু দিয়ে ছেলেকে আঘাত করেন আমিনুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওইদিনই রায়হানের স্ত্রী রূপালি বেগম বাদি হয়ে শ্বশুরকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ২১ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।