২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

শবে মেরাজের শিরনি বিতরণ নিয়ে বিতণ্ডার জেরে যুবক খুন

হবিগঞ্জের মাধবপুরে শবে মেরাজে মসজিদে শিরনি বিতরণকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2018, 01:26 PM

Updated : 19 Aug 2022, 01:55 PM

শনিবার রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ জানান।

নিহত হেলাল মিয়া (৩০) ওই গ্রামের মৃত ছনাই মিয়ার ছেলে।

এএসপি রাজু আহমেদ বলেন, লক্ষ্মীপুর গ্রামে নূরে মদিনা মসজিদে শবে মেরাজের মিলাদ শেষে শিরনি বিতরণ করা নিয়ে হেলালের সঙ্গে একই গ্রামের এখলাছ মিয়ার বাকবিতণ্ডা হয়।

“পরে হেলাল মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার পথে এখলাছসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হাসপাতালের চিকিৎসক মিঠুন রায় বলেন, হেলালের শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে।

এঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।