Published : 20 Sep 2026, 02:24 PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার বিচার ‘সংক্ষিপ্ত’ সময়ে শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করার পাশাপাশি তার মায়ের আইফোনটিও উদ্ধার করা হয়েছে।
রোববার সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “আশা করি রামিসা হত্যার বিচারের মত এই হত্যাকাণ্ডের বিচারটা আমরা সংক্ষিপ্ত সময়ে সমাপ্ত করাতে পারব।”
১৩ বছর বয়সি অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ত। শুক্রবার বিকালে কোটবাড়ি এলাকার ভাড়া বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয় সে।
এরপর সে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে মরদেহের সঙ্গে অপ্রতিমের মায়ের আইফোনটি তখন পাওয়া যায়নি।
রোববারের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “সর্বশেষ হিসাব মতে আগে তিনজন, আজকে একজন, চারজন গ্রেপ্তার হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে।"
যে কিশোরদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের কম হতে পারে বলে ধারণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, “এদের সাথে অপ্রতিমের সম্পর্ক, ওঠাবসা ছিল, বন্ধুত্ব ছিল, প্রায় সময় আড্ডা দিত।”
কুমিল্লার পুলিশ জানিয়েছিল, প্রিতম সেদিন যাদের সঙ্গে বেরিয়েছিল, তাদের একজন, তুহিনের বাসা থেকেই আইফোনটি উদ্ধার করা হয়।
তুহিনকেই ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে বর্ণনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোবাইলসহ সমস্ত আলামত পাওয়া গেছে। তারা ঘটনা স্বীকার করেছে। এখন পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রম বা ১৬৪ ধারায় জবানবন্দি করানো যায় কিনা এগুলো নিয়ে কাজ করছে।"