রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা ও ভাতিজার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জয়রামপুর আনোয়ার গ্রামে এ ঘটনা ঘটে বলে মিঠাপুকুর থানার ওসি মোজাম্মেল হক জানান।
নিহতরা হলেন ওই গ্রামের মনছুর আলীর ছেলে আলমগীর হোসেন আলম (৩২) এবং তার ভাতিজা আসকর আলী (৩০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি জানান, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঠিকাদার রুবেল মিয়া তার লোকজনকে দিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের আশপাশের গাছের ডাল কাটাচ্ছিলেন। বিদ্যুতের তারে ঝুলে থাকা সেই ডাল নামাতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলমগীর ও আসকর।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঠিকাদারের কর্মচারী সজিব ও রিপনকে আটক করেছে পুলিশ।
পল্লী বিদ্যুৎ সমিতি-১ শঠিবাড়ির মহাব্যবস্থাপক (জিএম) নুরুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে ঠিকাদার তার লোক দিয়ে গাছের ডাল কাটাচ্ছিলেন।
“বিদ্যুতের তারে পড়া গাছের ডাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি।
এখানে পল্লী বিদ্যুতের কোনো গাফিলতি নেই।”
