Published : 29 Mar 2018, 12:07 PM
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো.তাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এলেঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকে বর্তমান মেয়র মো. শাফী খান ও বিএনপির বিদ্রোহী প্রার্থী নারকেল গাছ প্রতীকে শাফী তালুকদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কাউন্সিলর পদে ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ১৫ জন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪৮২ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৬৬৩ জন।ঘাটাইল উপজেলার ছয়টি ও কালিহাতী উপজেলার একটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। ঘাটাইল উপজেলার পাহাড়িয়া এলাকা বলে খ্যাত তিনটি ইউনিয়ন ভেঙে সংগ্রামপুর, সন্ধানপুর, রসুলপুর, ধলাপাড়া, লক্ষ্মীন্দর ও সাগরদীঘি নামে ছয়টি ইউনিয়ন গঠন করা হয়।
২০১৬ সালে উপজেলার ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও আইনী জটিলতার কারণে এই ছয় ইউনিয়নে তখন নির্বাচন হয়নি। পরবর্তীতে আইনী বাধা কাটলে নির্বাচনের পথ খোলে।
সংগ্রামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রহিম, বিএনপি মনোনীত মাহবুবুর রহমান পালন, এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইব্রাহিম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সন্ধানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। এরা হলেন আওয়ামী লীগের মো. মতিয়ার রহমান সরকার, বিএনপির বর্তমান চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শহীদ, নাগরিক ঐক্যের প্রার্থী মো. রুহল ইসলাম রিপন, স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদ ও মো.শরিফুল ইসলাম সাইদ।রসুলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিরা হলেন আওয়ামী লীগের শহিদুল ইসলাম, ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল আলম, এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক সরকার এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলম ।
লক্ষ্মীন্দর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আব্দুল আজিজ, বিএনপির উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী মো. এসকান্দর হক, স্বতন্ত্র প্রার্থী সুজন চন্দ্র ও মো. একাব্বর আলী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ধলাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত শফিকুল ইসলাম, বিএনপি মনোনীত মো. এজহারুল ইসলাম ভূইয়া মিঠু, এমপি রানার অনুসারী স্বতন্ত্র প্রার্থী মো. রবিউল ইসলাম সেন্টু, স্বতন্ত্র প্রার্থী মো. নাজিবুল হক ঝন্টু, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম লেবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাগরদীঘি ইউনিয়নে পাঁচ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. হেকমত সিকদার, বিএনপির মনোনীত মামুনুর রশিদ বাদশা ভূঁইয়া, এমপি রানার অনুসারী মো. শাহাদৎ হোসেন সিকদার, অপর দুই স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল ইসলাম ও মো. হাবিবুল বাহার বাহার।উপজেলা নির্বাচন কমিশন জানায়, উপজেলার ছয় ইউনিয়নে মোট প্রার্থী ২৯২ জন।এদের মধ্যে চেয়ারম্যান পদে ২৮জন, সাধারণ সদস্য পদে ১৯৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৬৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার এক লাখ ১২ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৯৩০ এবং নারী ৫৬ হাজার ৭৯৫।
কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়ন ও টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগন ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।
পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
নির্বাচনের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ সদস্য, আনসার সদস্য, বিজিবি ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেকটি ভোট কেন্দ্রে টহল দিচ্ছেন।