রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
রংপুরের মিঠাপুকুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৭টায় মিঠাপুকুরের ইসলামপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন জানান।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী হিমেল পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন। পরে দশজনকে আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
নিহত দুইজনের মরদেহ বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
